শিশুদের জন্য ম্যাসেঞ্জার চালু করলাে ফেসবুক

২৩ এপ্রিল, ২০২০ ১৫:১১  
সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক নতুন করে ৭৫টি দেশে চালু করেছে ‘মেসেঞ্জার কিডস’। করোনাভাইরাসের দিনগুলোতে শিশুরাও যাতে মেসেঞ্জারের মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, সে লক্ষ্যে সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ফেসবুক বলছে, ছোটদের এই ম্যাসেঞ্জার সেবায় প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। ফলে শিশুরা অনলাইনে কাদের সঙ্গে যুক্ত হচ্ছে, কাদের সঙ্গে চ্যাট করছে তার নজরদারী করতে পারবেন। এমনকি আলাদা ড্যাশবোর্ড থাকায় কোনো গ্রুপ চ্যাটে নির্দিষ্ট কাউকে আমন্ত্রণ বা গ্রুপ থেকে সরিয়ে দিতেও পারবেন অভিবাবকরা। শিশু যদি ভুলে কাউকে বন্ধু তালিকায় যোগ করেও ফেলে, তাতেও সমস্যা নেই। নিজ ড্যাশবোর্ড থেকে ওই ব্যক্তিকে আনফ্রেন্ড করে দিতে পারবেন অভিভাবকরা। বলা যায়, ‘অপ্ট-ইন’ পন্থার মাধ্যমে অভিভাবকদের নিয়ন্ত্রণ ক্ষমতা আরো বেড়েছে। ‘মেসেঞ্জার কিডস’ সেবাটি প্রথম চালু হয় ২০১৭ সালে। তখন শুধু মাত্র যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করা হয়। এরপর উন্নত দেশগুলোতে সেবাটি চালু করা হলেও জনপ্রিয়তা পায়নি। অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের সেবাটি গৃহবন্দী সময়টাতে জনপ্রিয় করে তুলতে চাইছে ফেসবুক। জানা গেছে, বাংলাদেশেও শিশুদের উপযোগী ম্যাসেঞ্জার সেবাটি উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ।